Saturday, June 6, 2015

বাদুর

ভাবনাগুলো বাদুরের মত
মাথা ঝুলিয়ে দোল খায়
সে শুধু নিজেকে দ্যাখে
রোদ লাগা ঝকমকে কাচে
বিপরীত মেরুতে বসে
গোগ্রাসে গিলে
উদোরে জমা রাখে
উদ্বৃত্ত
সে সব কিছু চায়
দু:খ ছাড়া
খাদ্য চায়
খেলনা চায়
হজমে অপারগ হলে
উচ্ছিষ্ট করে
ছুড়ে ফেলে দিতে চায়
মিশিয়ে দিতে চায় ধুলোতে
অস্বীকার করতে চায়
সকল পাওয়াতে
সকলের অস্তিত্ব

লেনদেন

ক্রেতা খুজছি 
এতদিনের জমানো 
দু:খগুলো বেচে দেবো সের দরে
একেবারে চকচকে
আনকোরা 
দু:খ আছে
এক ফোটা অশ্রু স্পর্শ করেনি
পলিথিনে সীল্ড প্যাকেজ
দু:খ আছে
ফ্রেস উতপাদন
হৃদয়ের মাঝখান থেকে
আধখানা টুকরো
উত্তপ্ত
দু:খ আছে
সব নিলামে দেবো
আমাকে ছেড়ে যেতে
দু:খরা দু:খ পাবে
আমার নাড়ি ছেড়া দু:খরা
দু:খ পাবে
আমাকে ছেড়ে যেতে

প্রতিদিন

ডানা ঝাপটে উড়ে গেল বিষন্ন কাক
সন্ধ্যার মত উদাস হলো সবুজ ঘাস
সকালের অপেক্ষাতে কেটে গেল রাত
সূর্যের আলোতে ম্লান হলো চাঁদ
ব্যস্ত শহরে শুরু হলো ছকে বাধা কাজ
দুপুর গড়িয়ে গেলে ভেসে এলো শ্লোগান
গলি থেকে চৌরাস্তায়
মুদী দোকানের পাশ কাটিয়ে যেতে যেতে
চললো গুলি মিছিলে
দাড়িপাল্লা ধরে দোকানের চৌকাঠে
লেগে থেমে গেল
মুদী দোকানীর রক্তাক্ত লাশ

চক্র

অসাধ্য কিছুই নয়
শুধু সাহস নেই
রুখে দাড়াবার
ইচ্ছাও থাকে না
স্বার্থ না থাকলে
কূল ভেংগে গেলে
নদী থামেনা
এগিয়ে যায়
কূল খুঁজে নেয়
নদী মরে গেলে
কৃষকেরা হাল ছেড়ে দেয়
নিরুপায় হয়ে
জীবন থামেনা
শ্বাস নেয় পলিথিনের ছাদের নীচে
রেল লাইনের দুই পাশে
যেখানে
বহুতল ভবন উঠতে পারেনা
উচ্ছেদ করার দরকার হয়না
সেখানে
অকালে শিশুরা বৃদ্ধ হয়
সেখানে
ইয়াবার চালান
হাল তুলে নেয় কাঁধে

সেই মেয়ে

তাহলে চলো ঘুরে আসি
তপ্ত রোদ মেখে নির্জন দুপুরে
এক গাদা ডাহুক খেলা করে
ছাতিম গাছের শাখায়
শ্যাওলা ভরা পুকুরে নাক ডুবিয়ে
শামুক তোলে পানকৌড়ি
ব্যংগাচী ছায়া খুজে শাপলা পাতার নীচে
ধূলোধুষোরিত পথে কার ভাংগা চুড়ি
টেনে নিয়ে যায় আলের ভেতর
সেখানে ঘুমায় রক্ত কাদা মাখা
ধর্ষিতা মেয়ে

সম্ভাবনা

দুপুর গড়াতেই ভয়
এই বুঝি বিকেল পেড়িয়ে
সন্ধ্যা লেগে যাবে
হারিয়ে যাবে আর একদিন
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
হবে সময়
এই বুঝি বাকী রয়ে যাবে
বলা
সেইসব না বলা
কবিতা গল্প গান
মান অভিমান
বিকেল পেড়ুতে লেগে যায় সন্ধ্যা
আকাশ সাজে হরেক রংগের প্রলেপ দিয়ে
মেঘেরা সব ঘুমিয়ে যায়
আগামীর বাদল হয়ে
ফুরিয়ে যায়
বাকী থেকে যায়
কাজ আর সাজ
সন্ধ্যা নামতেই বিষণ্ণতা আনে
যদি
সূর্যি আর
ফিরে না আসে!!

বৃষ্টি ঝরে

এখনও বৃষ্টি ঝরে
টিপ টিপ
চুপিসারে ফিসফিস
কিশোরীর সিল্ক ফিতে
ভিজে আছে
পথে জমে থাকা এক চিলতে জলে
পাতারা থিরথির
ভিজে শালিক দ্যাখে এদিক ওদিক
কোত্থাও কেউ নেই
জমে আছে জল
জলের নীচে কাদা
তার নীচ থেকে কেঁচো খুঁড়ে খাবে