Saturday, March 30, 2013

আমি ছিলাম না সেখানে

হাতের রেখাগুলো পড়ো
কোথাও লেখা নেই আমার নাম।
ফিরে যাও
সেই পথে
সেই সবুজ ঘাসে
আমি ছিলাম না কোথাও
ভোরে দেখা স্বপ্নের মত
কুয়াশাতে কোন এক মানুষের অবয়ব
হতে পারে এসে চলে গেছে
ডেকে ডেকে
আমি ছিলাম না সেখানে
কোনকালে
চৌরাস্তার উড়ে যাওয়া হাওয়াকে সুধাও
জানেনা সে আমাকে
নোনা গন্ধে লেগে থাকা এঁটো বাসনে
বালিশের কোনে
সুটকেসের ছোট্র চাবিতে
কোথাও কোন চিহ্ন নেই
এমাথা থেকে ওমাথা
ট্রেনগুলো চক্কর কাটে রাতদিন
তেতিয়ে যায় ইঞ্জিন
ঝিমিয়ে যায় রেললাইন
মাঝরাতে কেঁদে উঠে কুকুর
কেউ জানেনি আমাকে কোনদিন

বিদায়

চৈত্রের কাট ফাটা রোদ্দুরে
একটু ছায়ার জন্য উড়াউড়ি
গাছকাটা উলঙ্গ শহরে
উত্তরে চলে যাবে কাকেরা
দলবেঁধে উপত্যকার নীচে নীচে
সরু সরু দেবদারু
চকচকে জলাধারে
পাথর আর কাঁচের মন থেকে
মুছে দিয়ে শব্দ
ধুয়ে দিয়ে সময়
সড়কে রক্ত শুধু
অবিশ্বাসী চোখ
অপরিচিত লাশ
দ্বিপদ পশুরা উল্লাস করে
লাশ থেকে খুবলে নিয়ে বিবেক
পাথর ঘষে আগুন জ্বালে
ঝলসানো বিবেক চিবিয়ে ফ্যালে
নির্বিকার
কাকেরা উড়ে যায়
মানুষ না পেয়ে
গাছ কাঁটা উলঙ্গ শহর থেকে

যুদ্ধ

সরল আর গরল
লেগে থাকে যুদ্ধ রাতদিন
দুজনেই দুজনকে মনে করে বেঠিক
কারুকে ঠিক হতে হবে
কারুকে ভুল
সবাই যার যার জাগাতে ঠিক ঠাক
যুদ্ধ চলে যুগে যুগে
সবাই মরে যায়
যুদ্ধরা বেঁচে থাকে যুগ যুগ ধরে

লেনদেন

কিভাবে জানবে
কে শত্রু কে মিত্র
স্পর্শ করতে হলে
কাছে আসতে হবে
বন্ধু হতে হবে
পাওয়া হয়ে গেলে
চলে যেতে হবে
ভাল আর খারাপ
সুখ আর দুঃখ
জরা আর ব্যাধি
সাথে থাকার প্রতিশ্রুতি
লেনদেন শেষে
ভেঙ্গে দিতে হবে
শ্ত্রু বা বন্ধু

আবর্তমান

করুণা করতে চাও
পেতে ভালবাসোনা
কার কার কাছে
আলাদীনের চেরাগ আছে ?
আমারটা হারিয়ে গেছে
বুকে ঘষার আগেই
উষ্ণতা ছিলনা
শব্দ ছিল ধুঁক ধুঁক
বন্দী জন্তুর মত
দম ফুরিয়ে গেলে
অতলে তলিয়ে
নিভে গেছে চেরাগ
গলে গেছে মাটি
ঘুরছে কুমারের চাকিতে
নতুন এক রুপ নেবে বলে

মৃত্যু

ভিন্ন ভিন্ন মন
অভিন্ন মানুষ
দাবী করে অধিকার
মৃত্যুর
মগজে বন্দুকের নল
ঠেকিয়ে জিম্মি রাখে
জীবনের স্পন্দন
সকালে ভাতের থালাতে
লেখা ছিলনা মৃত্যুর কথা
পানির গ্লাসে দেখা
শেষ প্রতিবিম্বে
মনে হয়নি
আজ ছেড়ে যেতে হবে
শহর নয়
মা কে নয়
রোদে জাবর কাটা বাছুরের
পিঠে রোদ দেখে
মনে হয়নি
ছেড়ে যেতে হবে
জীবন
মাথার খুলি থেকে
রক্ত গড়িয়ে নামে
শিরদাঁড়া বেয়ে পায়ে
কেউ একবারও বলেনি
আজই
ছেড়ে যেতে হবে
জীবন

ভালবাসা - এক গোছা নোট

উঁচু এক স্রোতে
এক উদাস পানকৌড়ি
অদৃশ্য হলো
ভালবাসা না পেয়ে
লাবনীকে বলো
ইট কাঠ পাথরের মত
ভালবাসা এক গোছা নোট
ভালবাসা খেলা করা
বয়স আর বসন্তের সন্ধিক্ষন
লাবনীকে বলো
থাক না হয়
এই ভালবাসা সংক্রামিত হয়
এক হৃদয় থেকে অন্য হৃদয়
লাবনীকে বলো
ভালবাসা অপেক্ষা
হাতে নিয়ে প্লাস্টিকের ফুল