Sunday, September 24, 2017

পুনশ্চ

তোমার সুখের জন্য 
আমি সব করতে পারি
চুপ হয়ে যেতে পারি
দূর হয়ে যেতে পারি
মূক হয়ে যেতে পারি
তোমার সুখের জন্য
আমি সারারাত জাগতে পারি
সারাদিন ভিজতে পারি
কান্নাভরা চোখে হাসতে পারি
সব অভিমান বুকে রেখে
রক্ত বমি করতে পারি
তোমার সুখের জন্য
আমি সব আঘাত সইতে পারি
নদীর মত
মাটির মত
নরম ঘাসের মত
নাম গোত্রহীন পাখীর মত
উড়ে যেতে পারি
উবে যেতে পারি
ভেংগে যেতে পারি
তোমার সুখের জন্য
তোমার উদাসীনতার জন্য
পরিকল্পিত ঝকে পা রেখে
ভাংগা কাচের মতো
টুকরো হয়ে যেতে পারি
তোমার জন্য হারিয়ে যেতে পারি
অনেক কিছুই পারি
যা তুমি পারোনা
যা আর কেউ পারেনা
আমি জানি এইসব কোন কিছুই
সুখী করবেনা তোমায়
তোমার প্রশ্নের উত্তর আমি নই
তাই

আর কোনদিন বিশ্বাস করবোনা আমাকে

জানো, একবার আমি
রাজহাসের মত শূন্যে উড়তে চেয়েছিলাম 
শুধু পালক দিয়ে 
তোমার ঘুম ভাংগাতে
জানো, একবার আমি
নদী হয়ে প্রবাহিত হতে চেয়েছিলাম
শুধু জলে তোমায়
ভাসিয়ে রাখতে
জানো, তখন আমার মনে হতো
ডিম থেকে বের হওয়া নরম চামড়াতে ঘেরা
একদলা নিষ্পাপ শিশু তুমি
জানো, আমার বুকের উষ্ণতা দিয়ে
তোমাকে সকল প্রতিবন্ধকতা থেকে
বাঁচাতে চেয়ে দেখলাম
আমার চারিপাশে উঁচু উঁচু দেওয়াল
হিংস্র, পাশবিক, নিস্টুর মুখে বিদ্রুপের হাসি
ওরা বলছে
আমাকে আটকেছে ফাদে
নির্মমতার
ওরা বলছে
এটাই আমার শাস্তি নির্বুদ্ধিতার
জানো, আমি প্রতিজ্ঞা করেছি
আর কোন দিন আমাকে বিশ্বাস করবোনা বলে

ঠিকানা ঠিক আছে

তোমার কাছে যেয়ে জানতে পারলাম
তোমার ঠিকানাতে তুমি বলে কেউ ছিলনা
তোমার ঠিকানাতে তুমি বলে কেউ না থাকাতে
আমার বলা কথারা কোনদিন পৌছেনি তোমার কানে
তোমার ঠিকানাতে তুমি বলে কেউ না থাকাতে
এতদিনে আমার বলা কথারা সব ফিরে এসেছে আমার কাছে
নিজেকে নিজে ছুঁয়ে দেখি
নিজেকে নিজে বিশ্বাস করতে পারিনা
এত ভুল আমি কিভাবে করতে পারি?
তোমার দেহে তুমি নেই
তোমার মনের ভেতর তুমি নেই
তোমার ঠিকানাতে তুমি বলে কেউ ছিলনা
তুমি বলে আসলে কেউ ছিলনা কোনকালে
সব কথা, সব ভাবনা, আমার কল্পনা ছিল
তোমার ঠিকানাতে তুমি বলে কেউ ছিলনা
এখন আমার বুকের ভেতর আছড়ে পড়ছে কথারা
সেই সাগরের ঢেউয়ে
ছুঁড়ে দেওয়া শখের কাঁকন
ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দিয়েছিল কাল, আজ আর
আগামীকাল।
তোমার কাছে যেয়ে জানতে পারলাম
তোমার ঠিকানাতে তুমি বলে কেউ ছিলনা

তুমি কি সত্য বলেছিলে ?

দেখো তাকিয়ে ডানেবায়ে
নিয়ে এসো কাছে
সময়
মেলে ধরো
স্বপ্ন
তারপর প্রশ্ন করো নিজেকে
তুমি কি সত্য বলেছিলে?
বলোনি
সব চাইতে আপন তোমার অন্তর
তাকে প্রবঞ্চনা করে
কি পেলে?
স্বপ্নে স্বপ্নে লুকিয়ে থেকে
লুকাতে পারোনি কিছুই
দাঁড়াতে হয়েছে
মুখোমুখি নিজের
জবাবদিহি চেয়েছে
তুমি কি সত্য বলেছিলে?

অবশ অবশ লাশ

আমার লাশের হাতটা ধরো
তারপর কনুই অবধি
চামড়া ছিলে ফ্যালো
খামচে বের করে ফেলো সময়
আমার আংগুলে ঝুলে আছে 
কবিতা, খুশী, আলুথালু ইচ্ছাগুলো
জানি আমাকে নয়
আমার অকৃত্রিম খুশীগুলো চাও তুমি
জানি আমার সাথে নয়
আমার সুখগুলো দুহাত ভরে নিয়ে
চলে যেতে চাও সেই খোলা মাঠে
যেখানে আকাশ ঝোলে বরফি কাটা মেঘে
স্বপ্ন থাকে মিথ্যায় মোড়া জল্পনাতে
জানি চাওনা তুমি আমাকে
আমার হাসিটুকু চাও
চোখে একে ধোকা দেবে তাকে
যার জন্ম হয়েছে গোলক ধাধাই
স্তুপিকৃত করে সব সাজিয়ে রেখেছি
এখানে
আমার লাশের হাতটা ধরো
সুখগুলো চিনতে পারবেনা জানি
ভুল করে ভুল আর দু:খ নিয়ে গেলে
শেষে আটকে যাবে আরো হাজার বছর
তেপান্তরের মাঠে
চামড়া ছিলে ফেলো
সেখানে থমকে আছে
থোকা থোকা আনন্দ, আশা, ভালবাসা
যা সম্পুর্ণ অপরিচিত তোমার কাছে
লাশের হাতটা ধরো

একদিন এক স্বপ্ন

আমার সাথে তোমার
দেখা হবে যখন
তখন সাগর থাকবে
জানালায়
আর 
চোখে সৈকত
মাঝে উষ্ণতা আর কেউ না
না ইন্টারনেট
না ওয়াইফাই
না মোবাইল
না ক্যামেরা
আমার সাথে তোমার
দেখা হবে যখন
না দেনাপাওনা
না স্বার্থের লেনদেন
না উপহার বিনিময়
না বাণিজ্যিক কাগজ
না প্লাস্টিক
কিছু থাকবেনা
আমার সাথে তোমার
দেখা হবে যখন
পেছনে ফেলে এসো
না পাওয়ার বেদনা
উপেক্ষা,ঘৃনা, অবহেলা, মিথ্যাচার, অভিনয়,
অব্যক্ত যাতনা, অপমান, আড়চোখে চেয়ে চেয়ে উপভোগ,
ক্ষোভ, চিৎকার, আক্রোশ, মুষ্টিবদ্ধ হাত,
 আঘাত করার বাসনা, প্রতিহিংসা, প্রতিশোধ,
উধোর পিন্ডি বুধোর ঘাড়ে
চাপিয়ে দিয়ে পরিতৃপ্তি লাভের নির্মতা,
 অতীত, বর্তমান, ভবিষ্যৎ, প্রেম, বাণিজ্য,
দেহ আর টাকার মোহ
সব সব কিছু পেছনে ফেলে এসো
তখন
তোমার সাথে আমার
দেখা হবে যখন
ওসব পথ দিয়ে হেটেছি বেশ কতকাল
আক্রোশ, আস্ফালন, দেখেছি
দুর্বল মন
কাপুরুষতা, ফাকা পাতিলের আহাজারি
হাহাকার
চাইনা সেসব কিছু আর
যখন দেখা হবে
তোমার সাথে আমার
সব পথ সব গল্প সব ইতিহাস ভুলে
শুধু আমার সাথে থেকো
সহস্র বছর ধরে একবার
যখন দেখা হবে
আমার সাথে তোমার

অদৃশ্য দেওয়াল

এতদিন দেখিনি
আজ দেখতে পেলাম
তোমার আমার মাঝে একটা দেওয়াল
দেওয়ালটা আসলে ছিল অনাদিকাল
কেউ জানতাম না
দেওয়ালের কারুকাজ দেখ মনে হয়
বহু বছরের সকাল আর দুপুরে গড়ায়নি
তোমার আমার মাঝে
তাই তুমি আমাকে বুঝতে পারোনি
খুঁজতে যাওনি
তোমার সেই সত্য না বলার অভ্যাস
হারিয়ে ফেলার ভয়
সত্যগুলোকে তুমি রেখে দিয়েছিলে পাজড়ের খাঁজে
সুরকি দিয়ে গেঁথে
আর মিথ্যাগুলোকে বুকে নিয়ে হেটে এলে
আমি খোলা চোখে দেখলাম কুৎসিত মিথ্যাগুলো
তোমাকে জড়িয়ে ধরে
চুমা খাচ্ছে ঠোটে
এতদিন দেখিনি
তখন সত্যরা বন্দী বুকের পাজড়ের ঠিক নীচে
সুরকীতে গাঁথা
কস্টে নীল
কুৎসিত মিথ্যারা হাটে তোমার বুকের উপরে
তুমি মেকী সুখে বিভোর
সবাইকে ডেকে দেখাও তোমার ভেল্কিবাজি
ভেতর ফাঁকা চির দুখী
সুখেরা পালিয়েছে নগর ছেড়ে সেই কবে
তুমি শুধু খেলা করো মিথ্যা নিয়ে
পাজড়ের নীচে সত্য কে মেরে
এতদিন দেখিনি
সেই দেওয়াল তোমার আমার মাঝে